মূলপাতা#
প্রোগ্রামিং একটি শৈল্পিক ব্যাপার, বিনোদনের অপর নাম। এর অমৃতসুধা পান করতে হলে হৃদয়ে থাকা চাই আগ্রহ ও তীব্র ভাবাবেগ। কিন্তু বিভীষিকাময় একাডেমিক জীবন আমাদের দেশে প্রোগ্রামিংকে চিরতার মতো তিক্ত করে তুলেছে। অপরদিকে, হাতুড়ে ডাক্তারদের প্যারাসিটামল তত্ত্ব প্রোগ্রামিংকে করে তুলেছে গোলকধাঁধার মতো। আর সিনট্যাক্সের গ্যারাকল? সে যেন কাঁটা ঘায়ে নুনের ছিটা।
প্রোগ্রামিং শেখা হওয়া উচিত সহজ, সরল ও আনন্দদায়ক। একটা কাজের সাথে যখন আনন্দ যোগ হয়, তখন সেই কাজটা আমাদের মস্তিষ্ক অনেক দ্রুত গ্রহণ করতে পারে। এমনিতে পাইথন খুবই সহজবোধ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কিন্তু শেখার মাধ্যমটাও তো মজার হওয়া চাই। এই দিকটাতেই সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে এই বইয়ে।
এ কোনো পাঠ্য বই নয়, এ হচ্ছে পাইথন নিয়ে পাইথনের জন্য লেখা এক রহস্যোপন্যাস। এর পরতে পরতে ছড়িয়ে রয়েছে প্রোগ্রামিংয়ের অপার সৌন্দর্য আর নিগূঢ় রহস্যের হাতছানি। এবার শুধু সমাধান করতে হবে সেই রহস্যের।
নামকরণ#
২০১৬ সালে এই বইটি লেখার সময় এবং ২০১৭ সালের বইমেলায় প্রথম প্রকাশিত হওয়ার সময় এই বইয়ের নাম ছিল ‘সহজ ভাষায় পাইথন ৩’। কারণ, তখন খোলা বাজারে পাইথনের মেজর দুটো ভার্সন পাওয়া যেত, পাইথন-২ ও পাইথন-৩, যদিও ভার্সন দুটোর মধ্যে মেজর পার্থক্য ছিল যৎসামান্য। কিন্তু ২০২০ সালের পহেলা জানুয়ারি পাইথন-২-এর জীবনাবসান ঘটায় পাইথন-৩ হলো পাইথনের বর্তমান ও ভবিষ্যৎ। তাই এই বইয়ের পুনরায় নামকরণ করা হলো ‘সহজ ভাষায় পাইথন’।
বইটি কাদের জন্য?#
- আমরা যারা প্রোগ্রামিংয়ের ‘প’ও পারি না কিন্তু শিখতে চাই।
- আমরা যারা নিশ্চিত হয়ে গেছি এই ইহকালে আর যাই হোক প্রোগ্রামিংটা শেখা সম্ভব না।
- আমরা যারা প্রোগ্রামিং পারি কিন্তু পাইথন ল্যাঙ্গুয়েজটা পারি না।
- আমরা যারা পাইথন শিখতে চাই।
- আমরা যারা পাইথন-২ পারি কিন্তু পাইথন-৩-এ মাইগ্রেট হতে চাই।
বইটি কাদের জন্য নয়?#
- আমরা যারা কম্পিউটারের মৌলিক ব্যবহার জানি না।
- আমরা যারা ইতিমধ্যেই পাইথন-৩-এর সবকিছুই পারি।
বইটি কিভাবে ব্যবহার করতে হবে?#
- বইটি পড়ার সময় আমরা প্রতিটা টপিক বুঝে পড়ব, মুখস্থ করার দরকার নাই।
- বইটির চ্যাপ্টারগুলো আগে-পরে করে না পড়ে ধারাবাহিকভাবে পড়ব আমরা। কারণ বোঝার সুবিধার জন্য অনেক বিষয় প্রথম দিকের চ্যাপ্টারগুলোতে স্কিপ করে গিয়ে পরে বিস্তারিত বোঝানো হয়েছে।
- প্রোগ্রামিং হলো হাতে-কলমে করার জিনিস। তাই প্রতিটা উদাহরণ নিজে নিজে রান করে দেখব।
- প্রোগ্রামিং হলো চর্চা করার জিনিস। তাই প্রতিটা টপিকে দেওয়া সমস্যাগুলো নিজে নিজে চর্চা করব।
লেখক পরিচিতি#
মাকসুদুর রহমান মাটিন পেশায় একজন প্লাটফর্ম ইঞ্জিনিয়ারিং/সাইট রিলায়াবিলিটি ইঞ্জিনিয়ারিং (এসআরই) ম্যানেজার। কলেজ ও বিশ্ববিদ্যালয় জীবনে যুক্ত ছিলেন মুক্ত সফটওয়্যার আন্দোলনের সঙ্গে। বর্তমানে লিনাক্স কার্নেল ভিত্তিক মুক্ত অপারেটিং সিস্টেম ‘উবুন্টু’ এবং পাইথন প্রোগ্রামিংকে আমাদের দেশের মানুষের কাছে জনপ্রিয় করে তোলার জন্য নিরন্তর কাজ করে যাচ্ছেন। দিনের বেশিরভাগ সময় পড়াশোনা করেন ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার আর্কিটেকচার ও এসআরই নিয়ে। অবসর সময়ে বই পড়া, রান্না করা এবং বিভিন্ন স্তরের মানুষের জীবন-দর্শন গভীরভাবে পর্যবেক্ষণ করা তার শখ।